আলোচিত ইসলামী বক্তা ও মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছেন। বুধবার (৬ মে) নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি লেখেন, গোনাহ থেকে বেঁচে থেকে হালালের পথে থাকার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, সমাজে অনেক মানুষ বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন, সেই পথ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
রফিকুল ইসলাম মাদানী আরও জানান, তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে এবং বিষয়টি নিয়ে পরিবারে মানসিক চাপ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন পরিস্থিতি সহজ হয়।
ফেসবুক পোস্টে তিনি ভক্তদের কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তার দুই পরিবারকে ধৈর্য ও শান্তি দান করেন এবং সম্পর্কগুলোকে সহজভাবে মেনে নেওয়ার তাওফিক দেন।
তিনি আরও উল্লেখ করেন, ইসলামী শরিয়তের আলোকে ন্যায়বিচার ও ইনসাফ রক্ষা করাই তার প্রধান লক্ষ্য এবং তিনি যেন কারও অধিকার ক্ষুণ্ন না করেন, সে জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।