বগুড়ায় ডিবি ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৭

Date: 2026-05-06
news-banner

বগুড়ায় ডিবি পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাইকারী একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চারটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—মামুন শিকদার (৪০), মিঠু পাটোয়ারী (৩০), সুমন মিয়া (৩০), জাকির হোসেন (৪০), নিজাম (৪৬), ওবায়দুল ইসলাম বেগ (৪০) এবং জাহিদুল ইসলাম (৪২)।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ চালকদের প্রতারণার শিকার করছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি ব্যবহার করে চালকদের বিশ্বাস অর্জন করত। এরপর নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাই করত।

গত ২৫ এপ্রিল টিএমএসএস হাসপাতালের সামনে এক ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। পরে বগুড়া ও রংপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ এলাকায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকি ছিনতাই হওয়া যানবাহন উদ্ধারে অভিযান চলছে।

Leave Your Comments