কক্সবাজারের উখিয়া-তে রোহিঙ্গা ক্যাম্পে ১৮ ঘণ্টার ব্যবধানে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) দুপুরে এক রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম কামাল মাঝি ওরফে রোজ কামাল। তিনি রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্ট–এর বাসিন্দা এবং সরকারি নিয়োজিত মাঝি হিসেবে দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জোহরের নামাজ শেষে অটোরিকশায় বাজারে যাওয়ার পথে জুমেরছড়া এলাকায় ১০ থেকে ১৩ জন অস্ত্রধারী হঠাৎ তার ওপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা দাবি করেছেন, হামলাকারীদের মধ্যে নুর হাসান, আবু শরীফ ও আনিস নামে কয়েকজনকে শনাক্ত করা গেছে, যারা রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরএসও-র সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে।
রিয়াজ উদ্দিন আহমেদ জানান, নিহতের শরীরে দুটি গুলি লেগেছে—একটি বুকে, আরেকটি মাথায়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে মঙ্গলবার রাতেও একই ক্যাম্প এলাকায় পৃথক গুলির ঘটনায় আরেকজন রোহিঙ্গা নেতা নিহত হন। ধারাবাহিক এ সহিংসতায় ক্যাম্পজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।