ফরিদপুরে বন্ধক রাখা মোটরসাইকেল নিতে এসে যুবক খুন

Date: 2026-05-06
news-banner

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা-এ বন্ধক রাখা মোটরসাইকেল ফেরত আনতে গিয়ে রবিউল ইসলাম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম মাগুরার মোহাম্মদপুর উপজেলার দিঘা ইউনিয়নের সিন্ধাইন গ্রামের গোলাম সরোয়ারের ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল বন্ধককে কেন্দ্র করে শহিদুল শেখ ও তার শ্যালকের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে রবিউল ইসলাম ও সাইদ মোল্লা মোটরসাইকেল নিতে গেলে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় বিষয়টি সমাধানের কথা বলে তাদের আবারও ডেকে নেওয়া হয়।

এরপর সাইদ মোল্লাকে এক জায়গায় রেখে রবিউল ইসলামকে আলাদা করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

রাতে হাটখোলারচর এলাকায় একটি প্রাইভেটকার দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে গিয়ে পাশেই একটি মরদেহ দেখতে পান। পরে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত হয় নিহত রবিউল ইসলামের।

ঘটনার পর প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবকের মধ্যে দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মো. আজম খান জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে অভিযুক্তদের পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Leave Your Comments