পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী?

Date: 2026-05-06
news-banner

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়ক দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, বৈঠকে দলের বিধায়ক দলের নেতা নির্বাচন করা হতে পারে শুভেন্দু অধিকারী-কে। প্রস্তাবটি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য উপস্থাপন করতে পারেন। হাত তুলে ভোটাভুটির মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করতে পারে। এরপর শনিবার (৯ মে) শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনাও রয়েছে বলে দাবি করা হচ্ছে।

দলীয় সূত্রের দাবি অনুযায়ী, অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য শীর্ষ নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকতে পারেন।

এছাড়া বিজেপির অভ্যন্তরীণ আলোচনায় বলা হচ্ছে, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে এমন একজনকে বিবেচনা করা হচ্ছে যিনি জন্মসূত্রে বাঙালি, বাংলা ভাষায় দক্ষ এবং প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ।

তবে এখন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বা সরকার গঠনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিষয়টি পুরোপুরি দলীয় আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

Leave Your Comments