শাকিল প্রধানঃ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এর একক কৃতিত্ব নিতে চেয়েছিল। গুম, খুন, হত্যা ও লুটপাটের মতো অসংখ্য অপকর্ম তারা করেছে। ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়াসহ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। আর এসব অপরাধ জায়েজ করার জন্য তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।
বুধবার (৬ মে) দুপুর ২টায় গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। মুক্তিযুদ্ধের সঠিক মূল্যায়ন একমাত্র বিএনপি-ই করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান, তাই মুক্তিযোদ্ধাদের প্রতি তার আন্তরিকতা ও শ্রদ্ধা সবচেয়ে বেশি।
বক্তব্যে তিনি অপ্রাপ্তবয়স্ক ও অ-মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা, মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বীর নিবাস নির্মাণে অনিয়ম এবং ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করাসহ বিভিন্ন ইস্যুতে বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন।