কলাপাড়ায় চুয়াডাঙ্গার গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Date: 2026-05-07
news-banner

আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় মাকসুদা বেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কলাপাড়া পৌর শহরের সবুজবাগ এলাকার একটি ভাড়া বাসার নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাকসুদা চুয়াডাঙ্গা জেলার মো. মিরাজের স্ত্রী এবং উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবুল কালামের মেয়ে। তিনি দুই সন্তানের জননী; বড় ছেলে মারুফ দশম শ্রেণিতে এবং ছোট ছেলে মিসকাত চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। জানা গেছে, নিহতের স্বামী মিরাজ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজবাগ ৮ নম্বর ওয়ার্ডে মাহাবুব তালুকদারের বাসার নিচতলায় সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন মাকসুদা। বিকেল ৩টার দিকে তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে স্বজনরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহতের বড় বোন মারুফা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে সাধারণ ঝগড়া হতো, তবে তা আবার মিটেও যেত। স্বামীর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে তিনি উল্লেখ করেছেন।

কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফোরকান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments