নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে দ্রুত সেবাদানের এক নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত। আবেদনের মাত্র এক ঘণ্টার মধ্যেই জন্মগত প্রতিবন্ধী রাজু (২৮)-এর হাতে তুলে দেওয়া হয়েছে একটি হুইলচেয়ার।
বুধবার (৬ মে) সকালে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামে রাজুর বাড়িতে গিয়ে ইউএনও নিজেই এই সহায়তা পৌঁছে দেন।
পরিবার সূত্রে জানা যায়, রাজু মো. জাকির হোসেন ও হাফেজা বেগম দম্পতির বড় ছেলে। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধিতার কারণে সে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী জীবনযাপন করছে। আর্থিক সংকটের কারণে এতদিন তার জন্য একটি হুইলচেয়ার কেনা সম্ভব হয়নি।
রাজুর বাবা মো. জাকির হোসেন জানান, “এই হুইলচেয়ার আমাদের জন্য অনেক বড় পাওয়া। এখন আমার ছেলে কিছুটা হলেও চলাফেরা করতে পারবে। সকালে স্থানীয় এক বিএনপি কর্মীর মাধ্যমে আবেদন করি, আর মাত্র এক ঘণ্টার মধ্যেই ইউএনও স্যার নিজে এসে হুইলচেয়ার দিয়ে যান—এটা সত্যিই অবিশ্বাস্য।”
এ বিষয়ে ইউএনও আসিফ আল জিন্নাত বলেন, রাজু জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আবেদন পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নিয়ে তার বাড়িতে হুইলচেয়ার পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসনের কাছে কেউ সহায়তা চাইলে আমরা চেষ্টা করি দ্রুততম সময়ে তা নিশ্চিত করতে।”
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় নেতাকর্মী এবং রাজুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।