‎বন্দরে পৈশাচিকতা: ছোট ভাইকে জায়গা দেওয়ায় ৭৬ বছরের বৃদ্ধা মায়ের গলায় ছুরি ধরলো নিজের সন্তানরাই

Date: 2026-05-07
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

‎ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায়,সম্পত্তির লোভে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধা মাকে পিটিয়ে জখম করার পর গলায় ছুরি ধরে হত্যার চেষ্টা করেছে তাঁরই গর্ভজাত সন্তানরা। ছোট ছেলেকে জায়গা লিখে দেওয়ার অপরাধে বড় দুই ছেলে ও এক মেয়ে মিলে এই বর্বরোচিত হামলা চালায়। 
‎এ ঘটনায় ভুক্তভোগী মা জামিলা বেগম বাদী হয়ে তিন সন্তানের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা গেছে, মালামত এলাকার মৃত আবুল কাসেমের স্ত্রী জামিলা বেগম তাঁর ছোট ছেলে আব্দুল্লাহকে ৩ শতাংশ ২০ পয়েন্ট জায়গা লিখে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর অন্য দুই ছেলে আব্দুর রহমান, আওয়াল এবং মেয়ে সামসুর নাহার। তারা জালিয়াতি করে আব্দুল্লাহর জায়গাটি নিজেদের নামে লিখিয়ে নেয় এবং আব্দুল্লাহকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। 
‎গত ১ মে বিষয়টি নিয়ে জানাজানি হলে বিবাদীগণ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বৃদ্ধা মা ও ছোট ছেলের ওপর হামলা চালায়। আব্দুর রহমান ও আওয়াল লাঠিসোটা দিয়ে বৃদ্ধা মাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় মেয়ে সামসুর নাহার দেশীয় অস্ত্র ছুরি মায়ের গলায় ধরে হত্যার হুমকি দেয়। 
‎কান্নাজড়িত কণ্ঠে জামিলা বেগম বলেন, যে সন্তানদের অনেক কষ্টে বড় করেছি, আজ তারাই টাকার লোভে আমাকে মারধর করছে, গলায় ছুরি ধরছে। আমি আমার ছোট ছেলের ও নিজের নিরাপত্তা চাই।

Leave Your Comments