ওসমান বিন হাদি হত্যা: বিচারের দাবিতে ববিতে মানববন্ধন ও বিক্ষোভ

Date: 2026-05-07
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে মো. ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান, ইফতেখার সায়েমসহ অন্যরা।

বক্তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাদি হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারে সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ তুলে তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, “আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো বিচার হয়নি। জনগণ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায়।”
তিনি আরও বলেন, “সাগর-রুনি হত্যা মামলার মতো গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচার ঝুলে থাকার সংস্কৃতি বন্ধ করতে হবে। হাদির হত্যার বিচার না হওয়া বিচারহীনতারই বহিঃপ্রকাশ।”

এসময় হাদির বোন মাসুমা হাদি বলেন, “আমরা কোনো সহানুভূতি চাই না, আমরা ন্যায়বিচার চাই। আমার ভাই মানুষের অধিকার ও ইনসাফের কথা বলেছিল। আজ তার নিজের বিচারই অনিশ্চিত হয়ে আছে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave Your Comments