হরমুজ প্রণালিতে জাহাজ পাহারার পরিকল্পিত মার্কিন নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহার এবং আকাশপথে মার্কিন বিমান চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় সৌদি আরব। একই সঙ্গে কুয়েতও তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের তরফে দাবি করা হলেও উপসাগরীয় দেশগুলো এই অভিযান সম্পর্কে আগে থেকে পুরোপুরি অবগত ছিল না, যা নিয়ে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে সমঝোতার চেষ্টা করলেও কোনো অগ্রগতি হয়নি বলে জানানো হয়েছে।
অভিযান স্থগিত হওয়ার পরপরই ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে চলাচলকারী জাহাজগুলোকে তারা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলের এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।