মঙ্গল গ্রহে বসতি গড়তে গিয়েই কি ওপেনএআইয়ের সঙ্গে বিরোধে জড়ান ইলন মাস্ক

Date: 2026-05-07
news-banner

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইকে ঘিরে বিশ্বখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক ও কোম্পানির বর্তমান নেতৃত্বের মধ্যে চলমান আইনি লড়াই নতুন মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে চলমান এই মামলায় উঠে এসেছে ওপেনএআইয়ের শুরুর সময়কার গুরুত্বপূর্ণ কিছু অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত।

ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান আদালতে সাক্ষ্যে বলেন, ইলন মাস্ক প্রতিষ্ঠানটিকে একটি লাভজনক কোম্পানিতে রূপান্তরের পক্ষে ছিলেন এবং তিনি এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছিলেন। ব্রকম্যানের দাবি অনুযায়ী, মাস্ক তখন বলেছিলেন, এই নিয়ন্ত্রণ ব্যবহার করে তিনি মঙ্গল গ্রহে স্বয়ংসম্পূর্ণ শহর গড়ার জন্য বিপুল অর্থ সংগ্রহ করতে চান।

মামলায় মাস্ক অভিযোগ করেছেন, ওপেনএআই ও এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান তাঁকে প্রতারণা করে প্রতিষ্ঠানটিতে অর্থ বিনিয়োগ করান, কিন্তু পরে সেটিকে অলাভজনক কাঠামো থেকে মুনাফামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়। মাস্ক বর্তমানে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছেন এবং কোম্পানির নেতৃত্ব পরিবর্তনেরও দাবি তুলেছেন।

অন্যদিকে ওপেনএআই কর্তৃপক্ষের দাবি, মাস্ক কোম্পানি ত্যাগ করার পর এর সাফল্য দ্রুত বৃদ্ধি পায়, আর এখন তিনি আবার সেটির নিয়ন্ত্রণ নিতে চাইছেন।

বিশ্লেষকদের মতে, এই মামলা শুধু ওপেনএআইয়ের ভবিষ্যৎ নয়, বরং বৈশ্বিক এআই শিল্পের কাঠামো ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Leave Your Comments