নিজস্ব প্রতিবেদক:
গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে একটি অনলাইন পোর্টালে “ঘুষ, সম্পদ ও নিয়োগ জালিয়াতির অভিযোগ: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাঁটলিপিকার কামাল হোসেনের টাকার পাহাড়” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি কামাল হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী (সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর) হিসেবে কর্মরত কামাল হোসেন এক বিবৃতিতে ওই সংবাদটিকে ‘সম্পূর্ণ কাল্পনিক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
বিবৃতিতে কামাল হোসেন জানান, উক্ত সংবাদে তার নামে যেসব তথ্য ও সম্পদের বিবরণ দেওয়া হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। কোনো প্রকার বস্তুনিষ্ঠ তদন্ত বা তার ব্যক্তিগত বক্তব্য গ্রহণ ছাড়াই সংবাদটি প্রচার করা হয়েছে, যা সাংবাদিকতার নূন্যতম নীতিমালার পরিপন্থী। এই ধরনের মিথ্যা সংবাদ প্রচারের ফলে তিনি এবং তার পরিবার সামাজিকভাবে চরম মানহানির শিকার হচ্ছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি ইতিপূর্বে রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: B4TEQT) সম্পন্ন করেছেন। পাশাপাশি ন্যায়বিচারের স্বার্থে এবং মিথ্যা সংবাদ প্রচারের দায়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
কামাল হোসেন সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল কর্তৃপক্ষকে ভিত্তিহীন সংবাদটি দ্রুত অপসারণের (Take down) আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি আরো বলেন, যদি অবিলম্বে এই মিথ্যা প্রচারণা বন্ধ এবং প্রতিবাদলিপি প্রকাশ করা না হয়, তবে তিনি দেশের প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন।
তিনি সংবাদমাধ্যমগুলোকে সঠিক তথ্য যাচাই করে এবং বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।
-কামাল হোসেন