জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে চালু হলো লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম

Date: 2026-05-07
news-banner

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এই সিস্টেমের উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হয়েছে।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের সাহায্যে বাসের অবস্থান, পৌঁছানোর সময় এবং দেরি হলে নোটিফিকেশনসহ বিভিন্ন তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।

উদ্যোগটি বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, প্রযুক্তিগত সহায়তা দিয়েছে একটি আইটি কোম্পানি। সংগঠনটির নেতা শাকিল সরদার জানান, শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা ও যাতায়াত সহজ করতেই এই “স্মার্ট ক্যাম্পাস” উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর সেবা চালু করাই তাদের লক্ষ্য।

উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান এই উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এটি শিক্ষার্থীদের সময় বাঁচাবে এবং শিক্ষা কার্যক্রমকে আরও সহজ করবে।

ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সব বাসে এই ট্র্যাকিং সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

Leave Your Comments