দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বিচার শুরু, সাক্ষ্য ২২ জুন

Date: 2026-05-07
news-banner

দুর্নীতির অভিযোগে করা একটি মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। এর মধ্যে মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপনের উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।

এজাহারে আরও বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর করা হয় এবং পরে তা উত্তোলন করা হয় বলে দাবি করা হয়েছে।

তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে পরবর্তীতে মামলাটির কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় সচল করে নিম্ন আদালতে পাঠান।

Leave Your Comments