পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

Date: 2026-05-07
news-banner

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

সম্প্রতি হাসপাতালটির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় তিনি প্রথমবারের মতো হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন।

গত ৫ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নুরুল হক নুরকে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে মনোনীত করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন, সার্জারি, শিশু বিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে রোগীরা চিকিৎসাসেবার ঘাটতি, ওষুধ সংকট, শয্যা স্বল্পতা এবং জনবল সংকটের বিষয়ে অভিযোগ তুলে ধরেন। পরে হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

নুরুল হক নুর বলেন, সাধারণ মানুষ যেন চিকিৎসার জন্য ঢাকামুখী না হয়, সেজন্য জেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তিনি হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা জানান, জনবল ও সরঞ্জামের ঘাটতির কারণে সেবা দিতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তবে প্রয়োজনীয় সহায়তা পেলে সেবার মান আরও উন্নত করা সম্ভব বলে তারা মনে করেন।

পরিদর্শন শেষে হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন নুরুল হক নুর এবং রোগীদের সেবায় আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave Your Comments