নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

Date: 2026-05-07
news-banner

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওর থেকে নিখোঁজের দুদিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে থাকা মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করেন। নিহত আব্দুর রউফ উপজেলার নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ কৃষিজমি দেখতে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালালেও তাকে উদ্ধার করতে পারেনি।

অবশেষে বৃহস্পতিবার দুপুরে হাওরের পানিতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, মঙ্গলবার বিকেলে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave Your Comments