কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা

Date: 2026-05-07
news-banner

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এবং তাকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ ক্যাম্পাসে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আমির হামজা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানের সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকেন। পরে মাঠে প্রবেশ করলে তারা এমপিকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং মাঠে বসে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে গিয়েও শিক্ষার্থীরা স্লোগান অব্যাহত রাখে। পরে পুলিশ খবর পেয়ে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের উপস্থিতিতে পরে সংসদ সদস্য কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, তাকে অবরুদ্ধ করা হয়েছিল। তবে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর এ দাবি অস্বীকার করে বলেন, এমপি অধ্যক্ষের সঙ্গে আলোচনা শেষে স্বাভাবিকভাবেই ক্যাম্পাস ত্যাগ করেন।

ঘটনাটি নিয়ে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave Your Comments