কলাপাড়ায় ৪৬ বছর পর ‘স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এবিএম মোশাররফ হোসেন (এমপি)

Date: 2026-05-07
news-banner

আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সারাদেশে খাল খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে ‘স্বনির্ভর খাল’ খনন কাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-র আওতায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

​প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, "দীর্ঘ ৪৬ বছর আগে এই খালটি খনন করা হয়েছিল। এরপর সংস্কারের অভাবে এটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। খালটি পুনঃখননের ফলে বছরজুড়ে পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা রবিশস্যসহ অতিরিক্ত ফসল উৎপাদনে কৃষকদের সরাসরি সহায়তা করবে।"

​তিনি জানান, সরকারের পরিকল্পনা কেবল খাল খননেই সীমাবদ্ধ নয়। খালের দুই পাশে রাস্তা নির্মাণ ও ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি স্থানীয়দের নিয়ে সমবায় গঠন করে খালের পানিতে মাছ চাষের সুযোগ তৈরি করা হবে, যাতে গ্রামীণ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে এমপি মোশাররফ বলেন, ডালবুগঞ্জ-মহিপুর সড়ক ও চম্পাপুর-পাটুয়া সড়কসহ একাধিক মেগা প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও বেশ কিছু খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম এবং কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার।

​মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিবর রহমান ও ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলালের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave Your Comments