আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতে পরিচালিত এই অভিযানে প্রায় ৬ লাখ ৭ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৫০ কেজি মাছ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর বৃহস্পতিবার রাত ১টার দিকে মহিপুর থানাধীন হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকায় দুটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আহরিত বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৭ হাজার টাকা।
পরবর্তীতে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।