পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের প্রস্তুতি, কাল ব্রিগেডে শপথ

Date: 2026-05-08
news-banner

পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড–এ এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ২৫ বৈশাখকে সামনে রেখে দিনটি নির্ধারণ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

যদিও শপথের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে, তবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দলীয় সূত্র বলছে, মুখ্যমন্ত্রী পদে তিনিই সবচেয়ে এগিয়ে।

নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ কলকাতায় আসছেন অমিত শাহ। তিনি নিউটাউনের একটি হোটেলে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পরে নবনির্বাচিত ২০৭ জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন ও সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকের পর বিজেপি নেতৃত্ব রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান–এর কাছে সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে যেতে পারেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসনেই জয় পেয়েছেন। নির্বাচনী প্রচারে তাকে বিজেপির ‘লড়াকু মুখ’ হিসেবে তুলে ধরা হয়েছিল।

Leave Your Comments