নারায়ণগঞ্জে নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত
Date: 2026-05-08
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ পুলিশের টহল নৌযান ও বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহসিন সরদার খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি নৌ পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাতের টহলে বের হয়। টহলের সময় তাদের নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।
দুর্ঘটনার পর টহল দলের সদস্যরা সাঁতরে আরেকটি বাল্কহেডে উঠতে সক্ষম হলেও কনস্টেবল মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ নৌ-সদর পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পুলিশ সদস্যের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।