রুয়েট প্রতিনিধিঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’-এর প্রোগ্রামিং সেগমেন্ট। বৃহস্পতিবার (৮ মে) দিনব্যাপী এ আয়োজন করে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’।
এর আগে গত ১৭ এপ্রিল কার্নিভালের রোবোটিক্স সেগমেন্ট সম্পন্ন হয়। এবারের প্রোগ্রামিং সেগমেন্টে স্ক্র্যাচ প্রোগ্রামিং (১ম থেকে ৫ম শ্রেণি) এবং সি/পাইথনভিত্তিক প্রবলেম সলভিং (৫ম থেকে ১২শ শ্রেণি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই ক্যাটাগরিতে ৬০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগীদের নির্ধারিত এক ঘণ্টার মধ্যে পাঁচটি সমস্যা সমাধানের চ্যালেঞ্জ দেওয়া হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম তুষার। তিনি বলেন, আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা প্রোগ্রামিং প্রতিযোগিতার সঙ্গে পরিচিত হতো, কিন্তু এখন স্কুল পর্যায় থেকেই তারা কোডিং শিখছে এবং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে—যা অত্যন্ত আশাব্যঞ্জক।
তিনি আরও জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেকেই অন্তত একটি সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে, যা তাদের আগ্রহ ও দক্ষতার ইতিবাচক দিক তুলে ধরে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো উচিত বলেও মত দেন তিনি।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক সুস্মিত জাহান বলেন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিশ্বের জন্য ছোটবেলা থেকেই কোডিং ও এআই-সংশ্লিষ্ট শিক্ষার গুরুত্ব বাড়ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রজন্ম খুব অল্প বয়স থেকেই স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মতো বিষয় শিখছে, যা দেশের প্রযুক্তি শিক্ষার জন্য ইতিবাচক অগ্রগতি।
‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা শাহিদা আফরিন জানান, তাদের প্রতিষ্ঠান গত ছয় বছর ধরে স্কুল পর্যায়ে STEM শিক্ষা নিয়ে কাজ করছে। উন্নত দেশগুলোতে STEM শিক্ষা মূলধারার পাঠ্যক্রমের অংশ হলেও বাংলাদেশে এটি এখনো সহশিক্ষা কার্যক্রম হিসেবে সীমাবদ্ধ। শিক্ষার্থীদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই রুয়েটে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
দিনশেষে রুয়েটের সিএসই সেমিনার রুমে ক্লোজিং সেরিমনি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহীদুজ্জামান এবং আইসিটি বিভাগের EDGE প্রকল্পের একজন কনসালট্যান্ট। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ দলগুলো নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
এ আয়োজনে অর্গানাইজিং পার্টনার হিসেবে ছিল American Corner Rajshahi ও Career Guidelines & Alumni Placement Center। ক্লাব পার্টনার হিসেবে সহযোগিতা করে রুয়েট কম্পিউটিং সোসাইটি।