১৫ কেজি গাঁজাসহ কারবারি নাঈম আটক

Date: 2022-10-26
news-banner

আব্দুল্লাহ আল মামুন: 

গতকাল (২৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবড়ি থানা এলাকা থেকে মো. নাঈম (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যা‌পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তার দখল হতে ১৫ কেজি গাঁজা (মাদক), ২ টি মোবাইল ফোনসেট ও মাদক বিক্রির নগদ ২৪ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা বলে র‌্যাব সূত্রে জানা যায়।


র‌্যাব -১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযানও অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার র‌্যাবের নিজস্ব এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদের গোলাপবাগ মোড় এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক কারবারি মো. নাঈমকে ১৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়িসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলেও সূত্রে উল্লেখ করা হয়।

Leave Your Comments