তরমুজে থাকা ইঁদুর মারার বিষে প্রাণ যায় একই পরিবারের চার সদস্যের
Date: 2026-05-08
ভারতের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুরুতে খাদ্যে বিষক্রিয়া মনে করা হলেও ফরেনসিক পরীক্ষায় জানা গেছে, তরমুজে থাকা ইঁদুর মারার বিষের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহতরা হলেন আবদুল্লাহ দোখাদিয়া, তার স্ত্রী নাসরিন এবং দুই মেয়ে জয়নাব ও আয়েশা।
ঘটনার দিন পরিবারটি আত্মীয়দের জন্য নৈশভোজের আয়োজন করেছিল। সেখানে মাটন পোলাও পরিবেশন করা হয়। তবে অতিথিরা খাবার খেয়ে সুস্থ থাকলেও, গভীর রাতে তরমুজ খাওয়ার পর পরিবারের সদস্যদের তীব্র বমি ও ডায়রিয়া শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই চারজনের মৃত্যু হয়।
ফরেনসিক পরীক্ষায় নিহতদের দেহ এবং তরমুজের নমুনায় জিঙ্ক ফসফাইট নামের একটি বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। এটি সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, বিষাক্ত পদার্থটি দুর্ঘটনাবশত তরমুজে মিশেছিল নাকি পরিকল্পিতভাবে তা দেওয়া হয়েছিল।
এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং সেদিন রাতের অতিথিদের বক্তব্যও রেকর্ড করা হয়েছে।