স্টাফ রিপোর্টার:
রাজধানীর খিলগাঁও থানা এলাকায় কিশোর গ্যাং, মাদককারবারী ও অস্ত্রধারীদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের পক্ষ থেকে। এলাকাবাসীর দাবি, বিভিন্ন গলি ও অলিগলিতে নিয়মিতভাবে কিশোর গ্যাংয়ের মহড়া, সন্ত্রাসীদের আড্ডা এবং মাদক ব্যবসা চললেও কার্যকর ভূমিকা নিচ্ছে না থানা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও অনেক ক্ষেত্রেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, কিছু অসাধু সদস্যের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে গত ১৬ এপ্রিল আদর্শবাগ এলাকার রজনীগন্ধা রোডে সাংবাদিক পাপ্পু চৌধুরীর অফিস ও বাসায় হামলার ঘটনাকেও কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালালেও তাৎক্ষণিকভাবে পুলিশি সহায়তা পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
কিছু স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক অভিযোগ করেন, এলাকায় অপরাধীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও অনেক সময় সেগুলোর কার্যকর তদন্ত হয় না। এতে অপরাধীদের দৌরাত্ম্য আরও বাড়ছে বলে তাদের দাবি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, জনবল সংকট ও বিভিন্ন প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং দমনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, খিলগাঁও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা এবং কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি সৎ ও জবাবদিহিমূলক পুলিশি তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।