পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নকলা উপজেলায় যাত্রীবাহী বাসের বেপরোয়া ওভারটেকের চেষ্টায় সড়কে প্রাণ হারিয়েছেন এক মাহিন্দ্র ট্রাক্টরচালক। একই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শনিবার (৯ মে) সকাল সাতটার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা শহরের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে মালবোঝাই একটি মাহিন্দ্র ট্রাক্টর নকলা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। জালালপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস ট্রাক্টরটিকে অতিক্রম করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে একটি সিএনজি অটোরিকশা চলে আসায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় মাহিন্দ্রটি সড়কে উল্টে যায় এবং চালক আবুল হাশেম ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। একই সঙ্গে বাসটির সঙ্গে সিএনজির সংঘর্ষ হলে এক যাত্রী মারাত্মক আহত হন। তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনায় বাস ও মাহিন্দ্র ট্রাক্টর দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।