লন্ডনে বসে নির্বাচনের তারিখ ঠিক করেছে বিএনপি: পঞ্চগড়ে গোলাম পরোয়ার

Date: 2026-05-10
news-banner

মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, আগামী নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে বসে ষড়যন্ত্রের মাধ্যমে নির্ধারণ করে এনেছে। শনিবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গোলাম পরোয়ার বলেন, “নির্বাচন না হওয়া নিয়ে বিএনপির মনে কেন সন্দেহ তৈরি হলো, সেটাই বড় প্রশ্ন।”

সভায় তিনি সংবিধান সংস্কার, জুলাই আন্দোলনের চেতনা এবং রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটকে আলাদা করা হয়েছে এবং জুলাই সনদে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ভিন্নমত বা “নোট অব ডিসেন্ট” রয়েছে।

গোলাম পরোয়ার বলেন, দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এক ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী ও দলের প্রধান থাকতে পারবেন না—এমন সাংবিধানিক সংস্কার প্রয়োজন। পাশাপাশি সংসদীয় ব্যবস্থায় উচ্চ কক্ষ গঠন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে এককভাবে প্রধানমন্ত্রীর প্রভাবাধীন নিয়োগব্যবস্থা পরিবর্তন করা জরুরি। তাঁর মতে, এসব পদে নিয়োগে দুই প্রধান রাজনৈতিক দলের ঐকমত্য থাকা উচিত।

জামায়াতের এই নেতা দাবি করেন, বর্তমান নিয়োগব্যবস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যর্থ। তিনি বলেন, “যদি নিয়োগের ক্ষমতা এককভাবে প্রধানমন্ত্রীর হাতে থাকে, তাহলে প্রকৃত অর্থে স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব নয়।”

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দীন এবং জেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন।

এ সময় পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Leave Your Comments