নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী আহত হয়েছেন। তাঁর নাম মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪)। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিএনজিচালিত দুটি অটোরিকশা এসে সেখানে থামে। পরে অটোরিকশা থেকে নেমে চার থেকে পাঁচজন মুখোশধারী ব্যক্তি টর্চলাইটের আলো ফেলে মাহিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে মাহিনের ডান হাঁটুতে দুটি গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন বলেন, “গুলিবিদ্ধ মাহিন জামায়াতের একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে আমরা ধারণা করছি।”
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।