বড় ৩ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

Date: 2026-05-11
news-banner

বাংলাদেশ ও পাকিস্তান সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের।

আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে শুরু হওয়া পাকিস্তান সিরিজের দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা তরুণ ব্যাটার অলিভার পিক এবং আনক্যাপড অলরাউন্ডার লিয়াম স্কট। এছাড়া জুনে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জোয়েল ডেভিস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুনভাবে দল সাজাচ্ছে অস্ট্রেলিয়া। পাকিস্তান সফরে দলে ফিরেছেন পেসার রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া সবসময়ই দারুণ বিষয়। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে উপমহাদেশের সফরগুলোতে ভালো ভারসাম্য তৈরি হবে। ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে বিভিন্ন কন্ডিশনে খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়ানোই তাদের লক্ষ্য।

সব ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তবে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। অন্যদিকে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচির প্রস্তুতির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে।

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাথিউ রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডরশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।

সফরসূচি

পাকিস্তান সিরিজ

  • প্রথম ওয়ানডে: ৩০ মে, রাওয়ালপিন্ডি
  • দ্বিতীয় ওয়ানডে: ২ জুন, লাহোর
  • তৃতীয় ওয়ানডে: ৪ জুন, লাহোর

বাংলাদেশ সিরিজ

  • প্রথম ওয়ানডে: ৯ জুন, ঢাকা
  • দ্বিতীয় ওয়ানডে: ১১ জুন, ঢাকা
  • তৃতীয় ওয়ানডে: ১৪ জুন, ঢাকা

টি-টোয়েন্টি সিরিজ

  • প্রথম টি-টোয়েন্টি: ১৭ জুন, চট্টগ্রাম
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ জুন, চট্টগ্রাম
  • তৃতীয় টি-টোয়েন্টি: ২১ জুন, চট্টগ্রাম

Leave Your Comments