ইউপিডিএফের ডাকে সাজেকে আধা বেলা সড়ক অবরোধ শুরু

Date: 2026-05-11
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। দলের এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ কর্মসূচি শুরু হয়।

অবরোধকে কেন্দ্র করে সকালে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং, উজোবাজারসহ বিভিন্ন স্থানে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ইউপিডিএফ সদস্যরা। এ সময় টায়ার জ্বালিয়ে পিকেটিংও করতে দেখা যায়। ফলে সাজেক-দীঘিনালা ও দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে পড়ে।

সাজেক পর্যটনকেন্দ্রের খোয়াল বুক রিসোর্টের ব্যবস্থাপক সমীরণ চাকমা জানান, প্রতিদিন সকাল ১০টায় বাঘাইহাট থেকে সাজেক এবং সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে পর্যটকবাহী যানবাহন চলাচল করে। তবে অবরোধের কারণে নির্ধারিত সময়ে যান চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে সাজেকের রিসোর্টগুলোতে পর্যটকের সংখ্যাও কম।

গত শনিবার সাজেকের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়। দলটির অভিযোগ, ইউপিডিএফ-গণতান্ত্রিকের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

ইউপিডিএফ-প্রসীতের মুখপাত্র অংগ্য মারমা বলেন, “হত্যাকাণ্ডের বিচার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আমাদের এ সড়ক অবরোধ কর্মসূচি চলছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ-গণতান্ত্রিকের সংগঠক অমর জ্যোতি চাকমা। তিনি বলেন, “যেখানে ঘটনা ঘটেছে সেখানে আমাদের দলের কোনো কার্যক্রম নেই। অহেতুক আমাদের সংগঠনের ওপর দোষ চাপানো হচ্ছে।”

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave Your Comments