নিজস্ব প্রতিবেদক:
ফেনীর দাগনভূঞা উপজেলায় মা দিবসের রাতে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। পরে অভিযুক্ত ছেলে রাফি (২১)কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার (৪০) ওই এলাকার মো. মোস্তফার স্ত্রী।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফার ছেলে রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছিল। রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাফি ধারালো দা দিয়ে তার মা লাকি আক্তার, বাবা মো. মোস্তফা (৪৫) এবং বোন সাহারা আক্তার মিথিলা (১৮)কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত বাবা ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী আবুল কালাম জানান, ঠিক কী কারণে ঝগড়ার সূত্রপাত হয়েছিল তা নিশ্চিত নয়। তবে রাফি দীর্ঘদিন ধরে পড়াশোনা ছেড়ে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে এলাকায় আলোচনা ছিল।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ ফয়জুল আজীম বলেন, “রাফি তার মাকে কুপিয়ে হত্যা করেছে এবং বাবা ও বোনকে গুরুতর আহত করেছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”