‘আমার ফাঁসি চাই’—ফেসবুক পোস্টে আলোচনায় এমপি মোবাশ্বের

Date: 2026-05-11
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি ফেসবুক পোস্ট ঘিরে কুমিল্লাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ‘Mobasher Bhuiyan MP’ থেকে দেওয়া পোস্টে তিনি লেখেন, “আমার ফাঁসি চাই। এই নিউজ মনোযোগ দিয়ে পড়েন। কোন শব্দের জন্য আমার ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন? কী ছিল এই বৈঠকের উদ্দেশ্য?”

পোস্টে তিনি আরও লেখেন, নির্বাচনি এলাকাকে চাঁদাবাজমুক্ত করা, সঠিক গণমাধ্যমকর্মী চিহ্নিত করা এবং হলুদ সাংবাদিকতা বন্ধে তিনি কাজ করবেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। সেখানে তিনি বলেন, “আমি আপনাদের সহযোগিতায় এমপি হই নাই। গত ১৭ বছর আপনাদের কাউকে দেখি নাই নাঙ্গলকোট নিয়ে নিউজ করতে। সুতরাং ৫৮ মাস আমার ক্ষমতা আছে। আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে।”

ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সভায় তিনি নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লাকে বিএনপির আরেক নেতা আবদুল গফুর ভূঁইয়ার সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে “ফ্যাসিস্টের দোসর” বলে আখ্যা দেন। এ সময় আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে ক্ষমা চাইতেও বলেন বলে অভিযোগ ওঠে।

এছাড়া অন্য সাংবাদিকরা কথা বলতে চাইলে তাদের ধমক দিয়ে থামিয়ে দেন বলেও অভিযোগ রয়েছে। সভায় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “যারা আগাই আসবেন আমার দরজা খোলা। যারা আগাই আসবেন না, আসসালামু আলাইকুম।”

সভায় আরও তিনি দাবি করেন, “এখানে একজন সাংবাদিকও কিছু লেখেনি। লিখলে নাঙ্গলকোটের বেহাল দশা থাকত না, আরও উন্নত হতো।”

এ বিষয়ে জানতে চাইলে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, তিনি নাঙ্গলকোটের বিভক্ত সাংবাদিক সংগঠনগুলোকে একত্রিত করতে চেয়েছিলেন। পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি কমিটি গঠনের উদ্যোগও ছিল বলে জানান তিনি। তবে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন।

সাংবাদিকদের “ফ্যাসিস্টের দোসর” বলার বিষয়ে তিনি বলেন, “দোসরকে দোসর বলেছি, এতে সমস্যা কোথায়? আমি আমার চাচাকেও ছাড়িনি।”

Leave Your Comments