গাজীপুরে চাঁদাবাজদের তাণ্ডব: প্রকাশ্যে ঠিকাদারকে মারধর, অভিযুক্তরা অধরা

Date: 2026-05-11
news-banner

​নিজস্ব প্রতিবেদক: 

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সুতরঙ্গ রোড এলাকায় চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। সর্বশেষ ঘটনায় চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। তবে ঘটনার পরও অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাজন ও সেলিম গ্রুপ নামে একটি চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।

গত শুক্রবার মো. হারুন নামে এক ঠিকাদার কর্মস্থলে কাজ করার সময় অভিযুক্তরা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাজন ও তার সহযোগীরা প্রকাশ্যে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, থানায় অভিযোগ দিলেও এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave Your Comments