ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
সোমবার বেলা ১১টার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, সকালে সহকারী প্রক্টর ফোনে তাঁকে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বর্তমানে একটি সভায় ব্যস্ত থাকায় পদত্যাগপত্রে কী কারণ উল্লেখ আছে তা এখনো দেখতে পারেননি।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন লেখেন, শিক্ষকতা জীবনের সাত বছরে তিনি কখনো প্রশাসনিক দায়িত্ব নিতে চাননি। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন। তিনি জানান, তরুণ শিক্ষক হিসেবে এটি তাঁর জন্য ছিল সম্মানের বিষয়।

তিনি আরও লেখেন, গত দুই বছরে প্রক্টর সাইফুদ্দীন আহমেদের কাছ থেকে তিনি শিখেছেন কীভাবে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হয় এবং আত্মসম্মান বজায় রাখতে হয়।
এদিকে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদও পদত্যাগ করেন। বর্তমানে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পান অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।