‘আমার সব নিয়ে যাও, প্রাণে বাঁচতে দাও’—বলেছিল কিশোর, তবু কুপিয়ে হত্যা

Date: 2026-05-11
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা বিক্রির লাভের অংশ না দেওয়াকে কেন্দ্র করে এক কিশোরকে নির্মমভাবে হত্যা ও লাশ গুমের ঘটনায় আদালতে চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন এক অটোরিকশাচালক।

ঘটনাটি ঘটে ২০২২ সালের জুলাই মাসে উঁচুর বিল পুরানগড় এলাকায়। সম্প্রতি এ মামলায় মো. পারভেজ (২৪) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে উঠে আসে, প্রতিবেশী হওয়ায় নিহত কিশোর ও পারভেজের মধ্যে পরিচয় ছিল। কিশোরটি ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেন পারভেজ। তার অটোরিকশায় বিভিন্ন স্থানে ইয়াবা পরিবহন হতো বলেও উল্লেখ করেন তিনি।

পারভেজের দাবি অনুযায়ী, ইয়াবা বিক্রির লাভের একটি অংশ তিনি চেয়েছিলেন, কিন্তু কিশোর তা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করেন।

২০২২ সালের ১৭ জুলাই রাতে কিশোরকে ডেকে নিয়ে যাওয়া হয় কলেজ মাঠে। সেখানে তাকে ঘিরে ধরে মারধর করা হয় এবং ইয়াবা ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে সেতুর ওপর নিয়ে ধারালো কোদাল দিয়ে পা ও গলায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর লাশ গুম করতে পাহাড়ে গর্ত খুঁড়ে দেহ ও বিচ্ছিন্ন মাথা মাটিচাপা দেওয়া হয়। চুল কেটে ফেলা হয় যাতে লাশ শনাক্ত না করা যায়। প্রায় তিন সপ্তাহ পর শিয়ালের খোঁড়াখুঁড়িতে লাশের অংশ বের হয়ে আসে, যা পরে পোশাক দেখে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

ঘটনার পর নিহত কিশোরের বাবা সাতকানিয়া থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি মামলাটির দায়িত্ব নেয় এবং সম্প্রতি পারভেজকে গ্রেপ্তার করে।

তদন্ত কর্মকর্তারা জানান, ইয়াবা ব্যবসার লাভের ভাগ না পেয়ে ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। মামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে।

নিহতের বাবা বলেন, “নিজের গাড়ির লোকই আমার ছেলেকে মেরে ফেলবে—কখনো ভাবিনি। আমি সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

Leave Your Comments