ফ্যামিলি কার্ড দেয়ার নামে প্রতারণা, আটক ১

Date: 2026-05-11
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের লালপুর উপজেলায় “ফ্যামিলি কার্ড” করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কাজল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) উপজেলার আরবাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অমৃতপাড়া গ্রামের মোছা. রেবেকা বেগমের (৪৫) বাড়িতে গিয়ে অভিযুক্ত কাজল হোসেন নিজেকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন এবং টাকা দাবি করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। কাজল হোসেন উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি সুবিধা বা কার্ড দেওয়ার নামে প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানাতে হবে। এ ধরনের প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave Your Comments