আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:
পবিত্র হজে পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় পঞ্চগড়ের বোদায় দুই আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (১১ মে) বিজ্ঞ আমলী আদালত-৩ (বোদা)-এর ম্যাজিস্ট্রেট আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
জেলহাজতে পাঠানো আসামিরা হলেন— মামলার ২ নম্বর আসামি মো. আরাফাত এবং ৩ নম্বর আসামি মো. জলিল।
তদন্ত সূত্রে জানা গেছে,৩ নং ব্যাংহারী ইউনিয়নের শিয়ালপাড়া এলাকার বৃদ্ধ মো. হাসিবুল ইসলামকে হজে নেওয়ার প্রলোভন দেখান আব্দুল জলিল ও আরাফাত। প্রথমে দুজনেই বাদীর কাছে উমরা যাওয়ার কথা বলে এক লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। মামলার ১ নম্বর আসামি মোয়াল্লেম ও 'সফিক’স ওভারসীজ'- যাহার RL নম্বর ১৪১৫ এর মালিক মো. সফিক, ২ নম্বর আসামি মো. আরাফাত এবং ৩ নম্বর আসামি মো. জলিল বিভিন্ন সময়ে মো. হাসিবুল ইসলামের কাছ থেকে সর্বমোট ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা গ্রহণ করেন। টাকা নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আসামিরা হাসিবুল ইসলামকে হজে পাঠাননি। এমনকি পাওনা টাকা ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানান এবং উল্টো ভুক্তভোগী বৃদ্ধকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
কোনো উপায়ান্তর না পেয়ে গত মার্চ মাসে ভুক্তভোগী বাদী হয়ে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় আদালতে মামলা দায়ের করেন। আজ সেই মামলায় ২ ও ৩ নম্বর আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের আবেদন নাকচ করে সরাসরি জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। তারা দ্রুত বিচার সম্পন্ন করে আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়ার এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।