ভূষির বস্তায় লুকানো বিদেশি মদের চালান আটক, নকলায় গ্রেপ্তার ৩

Date: 2026-05-11
news-banner

পুলক রায়,শেরপুরঃ

শেরপুরের নকলা উপজেলায় কাঠের ভূষিভর্তি বস্তার আড়ালে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ বিদেশি মদ। তবে পুলিশের তৎপরতায় শেষ রক্ষা হয়নি। অভিযান চালিয়ে ১০৮ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে নকলা থানা পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

সোমবার (১১ মে) দুপুরে নকলা পৌর এলাকার গড়েরগাঁও মোড়ে স্থাপিত পুলিশি চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে রুহুল আমিন (৩৭), একই উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের ছেলে ও পিকআপ চালক শফিকুল ইসলাম (১৯) এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সকাল থেকেই গড়েরগাঁও এলাকায় যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় নালিতাবাড়ী দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ সন্দেহজনক মনে হলে সেটি থামানো হয়। পরে গাড়িতে থাকা কাঠের ভূষির বস্তা পরীক্ষা করে ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে— ৩৬ বোতল রয়েল স্টেগ, ৪৮ বোতল ম্যাজিক মোমেন্টস এবং ২৪ বোতল আইকনিক হোয়াইট ব্র্যান্ডের মদ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী ঝিনাইগাতী এলাকা থেকে মদের চালানটি সংগ্রহ করে গাজীপুরে নেওয়া হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave Your Comments