ডিমলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত

Date: 2026-05-12
news-banner

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ 

নীলফামারীর ডিমলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। "আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১২মে) সকালে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতালের চারপাশের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে হাসপাতালের নার্স, চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরে বলেন: সেবা ও ত্যাগের মহিমায় নার্সিং একটি মহান পেশা। আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শকে ধারণ করে রোগীদের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন নার্সরা। দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে নার্সদের ক্ষমতায়ন ও পেশাগত মানোন্নয়ন অপরিহার্য।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিমলা, নীলফামারীর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত নার্সরা রোগীদের সেবায় নিজেদের আরও উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে পুরো হাসপাতাল জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave Your Comments