ইরান আবারও হামলার শিকার হলে দেশটি তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আবারও হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আমরা বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করব।”
বিশেষজ্ঞদের মতে, ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রা হিসেবে বিবেচিত হয়। ফলে রেজায়ির এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকদের ধারণা, এ বক্তব্য ইরানের পারমাণবিক কর্মসূচি আরও জোরালো করার সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সামরিক অবস্থান এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এ মন্তব্য সামনে এলো।
দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধের কেন্দ্রে রয়েছে। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের দিকে এগোতে পারে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।