আল আমিন ,সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে শান্তিগঞ্জের চিকারকান্দি গ্রামের মরিয়ম বেগম(১৭) কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী আহমদ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত।
মঙ্গলবার দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ হাবিবুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট এ.কে.এম. নুরুজ্জামান (নয়ন)।
আদালত সুত্রে জানা গেছে, ২০২০ সালে ধর্ষণের শিকার হন শান্তিগঞ্জের চিকারকান্দি গ্রামের মরিয়ম বেগম(১৭)। এঘটনায় আদালতে মামলা দায়ের করার পর দীর্ঘ তদন্ত শেষে স্বাক্ষী প্রমান শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ও ৭ ধারার এক মামলায় আসামী সিলেট জেলার গোয়াইনঘাট থানার বিরাইকান্দি গ্রামের আহমদ আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রায়ে আদালত ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ৭ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত উভয় সাজা একত্রে কার্যকর করার নির্দেশ দেন। আদায়কৃত অর্থ ভিক্টিমকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ মামলার রায়ে বাদি ও ভিক্টিমের চাচাত ভাই জেলার শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের ওবায়দুল হক রাহাত সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর আদালতের এ রায়ে আমাদের পরিবার ন্যায়বিচার পেয়েছে। আলহামদুলিল্লাহ।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট এ.কে.এম. নুরুজ্জামান (নয়ন) বলেন, মাননীয় আদালতের কাছ থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালতের এ রায় সমাজে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমাতে সহায়ক হবে।