পুলিশের অভিযানে মাদক সম্রাটসহ গ্রেপ্তার ৪

Date: 2026-05-13
news-banner

রাঙামাটি প্রতিনিধি: 


রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট হিসেবে পরিচিত ও ১২ মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম দীপুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন।


পুলিশ জানায়, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১২ মামলার আসামি কাজী আশরাফুল আজম দীপুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।


ওসি জসীম উদ্দীন জানান, অভিযানে ২৫ পিস ইয়াবা বিক্রয়ে সহায়তাকারী ইউসুফ হাসান রতন, চোলাইমদসহ দয়াল মনি চাকমা এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।


পৌরসভার তবলছড়ি, অফিসার্স কলোনি বিএম স্কুলের সামনে এবং মানিকছড়ি পুলিশ চেকপোস্টসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও বলেন, “গত এক মাসে দেড় শতাধিক মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave Your Comments