ফেসবুক স্ট্যাটাসে বিতর্ক, বিএমডিএ প্রকৌশলীকে বরখাস্ত

Date: 2026-05-13
news-banner

রাজশাহী প্রতিনিধি: 


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ স্ট্যাটাস দেয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা সাব্বির রহমান বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখায় কর্মরত ছিলেন।


মঙ্গলবার (১২ মে) বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে তাকে রাজশাহী সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া সাব্বির রহমানের স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি বিএমডিএ চেয়ারম্যানের নজরে আসে। ওই স্ট্যাটাসের কারণে চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।


আদেশে আরও বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি বিধিমালা, ১৯৯৩ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের মন্তব্য দাপ্তরিক শৃঙ্খলা ও শিষ্টাচার পরিপন্থী। এ ঘটনায় তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ আনা হয়েছে।


সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।


সম্প্রতি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বিএমডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।


এ বিষয়ে বক্তব্য জানতে সাব্বির রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুক স্ট্যাটাস দেয়ার কারণেই তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave Your Comments