বাকিতে পণ্য না পেয়ে দোকানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ

Date: 2026-05-13
news-banner

গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের মালামাল না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের ‘নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর’ দোকানে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- মার্কেটের মালিক হাজী কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, দোকানের ব্যবস্থাপক শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল।

অভিযুক্তরা হলেন কেওয়া গ্রামের নুরু কসাইয়ের ছেলে রানা ভান্ডারি (৪০) ও তার ছোট ভাই মামুন (৩০)।


দোকান মালিক ফয়সাল আহমেদ জানান, রানা ভান্ডারি দীর্ঘদিন ধরে তার দোকান থেকে থাই গ্লাসসহ বিভিন্ন মালামাল ক্রয় করতেন। এর আগে থেকেই তার কাছে কিছু টাকা পাওনা ছিল। গত ৯ মে রানা ভান্ডারি ৭২ হাজার টাকার মালামাল নিতে আসেন এবং ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৪২ হাজার টাকা মঙ্গলবার পরিশোধ করে মালামাল নেয়ার কথা ছিল।


ফয়সাল জানান, মঙ্গলবার বিকেলে রানা ভান্ডারি দোকানে এসে বাকি মালামাল নিতে চাইলে পাওনা টাকা পরিশোধের কথা বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।


এরপর রাত ৯টার দিকে রানা ভান্ডারি ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দোকানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এসময় দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। হামলা ঠেকাতে গেলে মার্কেট মালিক কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, দোকানের ম্যানেজার শাহিন এবং কর্মচারী শান্ত আহত হন।

একপর্যায়ে দোকান মালিক ফয়সালকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ গুলিবিদ্ধ হননি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave Your Comments