ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে খুশি খাতুন নামে এক নারী হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে পাগলাকানাই সায়াদাতিয়া সড়কের পাশের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুশি খাতুন পেশায় একজন হোটেল শ্রমিক ছিলেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি পাগলাকানাই এলাকার ওই বাসাটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মঙ্গলবার রাতে হোটেলের কাজ শেষে স্বামী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে তিনি বাসায় ফেরেন।
বুধবার সকালে প্রতিবেশীরা ঘরের সামনের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে তারা ঘরের মেঝেতে খুশির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় ফাঁসের মতো গভীর দাগ দেখা যায়। লাশের পাশেই একটি ওড়না পড়ে ছিল বলে জানান স্থানীয়রা।
ঘটনার পর থেকেই স্বামী পরিচয় দেয়া ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।