FC Barcelona-এর লা লিগা জয়ের উৎসবের মাঝেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ তারকা Lamine Yamal। খোলা বাসের শোভাযাত্রায় তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই স্প্যানিশ ফুটবলার।
সংবাদমাধ্যম Al Jazeera জানিয়েছে, লা লিগা শিরোপা উদ্যাপনের সময় ছাদখোলা বাসে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই পতাকা হাতে দেখা যায় তাকে।
এর কয়েক ঘণ্টা আগেই Real Madrid CF-কে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। যদিও ইনজুরির কারণে এল ক্লাসিকো ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। তবে পরদিন সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্যাপনে যোগ দেন তিনি।
ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার পর গাজাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থক, অধিকারকর্মী ও ক্রীড়াবিদরা তার প্রশংসা করেন। গাজার ফিলিস্তিনি শিক্ষার্থী মুহাম্মদ আকরাম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “কারও কাছে এটি সাধারণ একটি অঙ্গভঙ্গি মনে হতে পারে, কিন্তু গাজায় এটি হৃদয় ছুঁয়ে যায়।”
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইয়ামালের এই পদক্ষেপকেও অনেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের বার্তা হিসেবে দেখছেন।
লেবাননের রাজনৈতিক কর্মী ও লেখক Dyab Abou Jahjah সামাজিক মাধ্যমে লেখেন, “আপনার যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, তাহলে সেটি ব্যবহার করুন। আপনার যদি কণ্ঠ থাকে, তাহলে কথা বলুন। ব্রাভো লামিন ইয়ামাল।”
এদিকে বার্সেলোনার কোচ Hansi Flick জানিয়েছেন, এ ঘটনা নিয়ে তিনি ইয়ামালের সঙ্গে কথা বলেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, “আমি তাকে বলেছি, তুমি যদি এটা করতে চাও, সেটা তোমার সিদ্ধান্ত। তুমি এখন যথেষ্ট বড় হয়েছ।”
উৎসবের পর ইয়ামাল নিজের Instagram অ্যাকাউন্টে ফিলিস্তিনের পতাকা হাতে একটি ছবিসহ অনুষ্ঠানের আরও কয়েকটি ছবি পোস্ট করেন। তার সেই পোস্টে লাখো মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফিলিস্তিনি লেখক ও কবি Mosab Abu Toha মন্তব্য করেন, “গাজা থেকে আমরা তোমাকে ভালোবাসি।” পোস্টটিতে মন্তব্য করেছেন ইয়ামালের সতীর্থ Marcus Rashford এবং ডাচ ফুটবলার Anwar El Ghaziও।