নাটোরে একসঙ্গে মা-ছেলের এসএসসি পরীক্ষা

Date: 2026-05-13
news-banner

বয়স যে শিক্ষার পথে কোনো বাধা নয়, তার অনন্য উদাহরণ স্থাপন করেছেন নাটোরের লালপুর উপজেলার ফুলঝড়ি বেগম (৪০)। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে চলতি বছর তিনি তার ছেলে মনিরুল ইসলামের (১৫) সঙ্গে একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন। মা-ছেলের এই একসঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তাদের বাড়ি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে। তারা দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং বর্তমানে মধুবাড়ি দাখিল মাদরাসা কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলঝড়ি বেগমের স্বামী নজরুল ইসলাম একজন ভ্যানচালক এবং কখনো দিনমজুর হিসেবে কাজ করেন। সীমিত আয়ের সংসারে সংগ্রাম করেই তিনি সন্তানদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। তাদের বড় মেয়ে ইতোমধ্যে নার্সিং সম্পন্ন করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

ফুলঝড়ি বেগম বলেন, ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়ায় লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সংসার ও সন্তান পালনেই সময় কেটে গেছে। তবে সবসময়ই তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করার। ছেলে ও পরিবারের সহযোগিতায় সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি জানান, অনেকেই বিষয়টি নিয়ে কটু মন্তব্য করলেও তিনি এতে আনন্দিত এবং সবার দোয়া কামনা করেছেন।

মনিরুল ইসলাম বলেন, মায়ের সঙ্গে একই পরীক্ষায় অংশ নিতে পেরে তিনি গর্বিত। মা তাদের অনেক কষ্ট করে বড় করেছেন এবং এখন তাকে পড়াশোনা করতে দেখে তিনি আরও উৎসাহ পাচ্ছেন।

স্বামী নজরুল ইসলাম বলেন, একজন শিক্ষিত মা-ই শিক্ষিত জাতি গড়তে পারে। তাই তিনি স্ত্রীর পড়াশোনায় সবসময় সমর্থন দিয়েছেন এবং সীমিত আয়েও সন্তানদের শিক্ষার ব্যয় চালিয়ে যাচ্ছেন।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ বলেন, এটি নারী শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণামূলক একটি দৃষ্টান্ত। বয়স কখনোই শিক্ষার পথে বাধা নয়—ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বয়সেই শিক্ষা অর্জন সম্ভব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।

Leave Your Comments