নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), বদরুল হায়দার (৫০) এবং ক্যান্টিন কর্মী মো. আমির (২৫), শংকর (২৫), কাওছার (৩০) ও আল আমিন (৪৫)।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, ক্যান্টিনে দুপুরের খাবারের জন্য ভিড় ছিল। এ সময় রান্নাঘরে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্যান্টিন কর্মীসহ ১২ জন দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
তিনি আরও জানান, রান্না শেষে কেউ চুলা চালু অবস্থায় রেখে যাওয়ায় এবং পরে আগুন জ্বালানোর সময় গ্যাস জমে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের কত শতাংশ পুড়েছে তা নিরূপণ করে পরবর্তী চিকিৎসা দেওয়া হচ্ছে।