বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করে জানায়, কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম।
কমিশনের বাকি দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত এই কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসরণ করে ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের সব কার্যক্রম তদারকি ও সম্পন্ন করবে। কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকলেও ৬০ দিনের মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।